করোনাভাইরাস খোঁজায় শীর্ষে ঢাকা

১৯ মার্চ, ২০২০ ১৩:৪৮  
বিশ্বজুড়ে মহামারি আকার ধারণ করেছে নভেল করোনাভাইরাস। ডিজিটাল মাধ্যমে এই ভাইরাস নিয়ে জানার আগ্রহ বাড়ছে দমকা হাওয়ার বেগে । সেই আগ্রহে পিছিয়ে নেই বাংলাদেশও। বাংলাদেশে তিন জন করোনাভাইরাস আক্রান্ত ব্যক্তি পাওয়ার পর থেকে বদলে গেছে গুগল অনুসন্ধানের ধারা। ‘গুগল ট্রেন্ডস’ এর পরিসংখ্যান পর্যালোচনায় দেখা গেছে বাংলাদেশে গুগল ওয়েব সার্চে সবচেয়ে বেশি খোঁজা হয়েছে নোবেল করোনাভাইরাসের আপডেট নিয়ে। অবশ্য মাসের শুরুতে শীর্ষে ছিলো করোনাভাইরানের লক্ষণ ও বাঁচার দোয়া। বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি খোঁজা শব্দবন্ধগুলো ছিলো- বাংলাদেশে করোনাভাইরাস, করোনাভাইরাস আপডেট বাংলাদেশে, করোনাভাইরাস আপডেট, করোনাভাইরাস আপডেট ইন বাংলাদেশ ও করোনা ভাইরাস। অপরদিকে চলতি মাসের শুরুর সপ্তাহে করোনা নিয়ে বরিশালের প্রায় শতভাগ মানুষ গুগলে সার্চ করলেও চলতি সপ্তাহে অনুসন্ধানে শীর্ষে চলে এসেছে ঢাকা বিভাগ। তারপর যথাক্রমে রয়েছে- সিলেট, চট্টগ্রাম, বরিশাল ও রংপুর।